ডেনমার্কের শ্রমবাজারে বিদেশি কর্মীদের অবদান দিন দিন বাড়ছে। দেশটির ব্যবসায়িক সংগঠন Dansk Erhverv-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ডেনমার্কে নতুন চাকরি বৃদ্ধির ৬২ শতাংশই এসেছে আন্তর্জাতিক কর্মীদের মাধ্যমে। একই সঙ্গে তারা দেশটির অর্থনীতিতে ৩৮৬ বিলিয়ন ড্যানিশ ক্রোনার (DKK) অবদান রেখেছেন, যা ২০২৪ সালের তুলনায় ২৫ বিলিয়ন ক্রোনার বেশি এবং ২০১০ সালের তুলনায় প্রায় তিনগুণ। প্রতিবেদন অনুযায়ী, টানা চতুর্থ বছরের মতো ডেনমার্কে চাকরি বৃদ্ধির অর্ধেকেরও বেশি এসেছে বিদেশি কর্মীদের মাধ্যমে। বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির ১৪ শতাংশই বিদেশি নাগরিক, যেখানে ২০১০ সালে এই হার ছিল মাত্র ৭ শতাংশ। বিদেশি কর্মীদের মধ্যে সবচেয়ে বড় অংশটি পোল্যান্ডের নাগরিকদের। বর্তমানে প্রায় ৫৩ হাজার ৫০০ পোলিশ কর্মী ডেনমার্কে কাজ করছেন। এছাড়া রোমানিয়ান কর্মীরাও উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন। অন্যদিকে, গত কয়েক বছরে সবচেয়ে দ্রুত বেড়েছে ইউক্রেনীয় কর্মীদের সংখ্যা। গত চার বছরে ডেনমার্কে কর্মরত ইউক্রেনীয়দের সংখ্যা প্রায় ১৮ হাজার ৬০০ বেড়ে বর্তমানে ২৬ হাজার ৯০০-এ পৌঁছেছে। এদিকে, ডেনমার্কে বাংলাদেশিদের উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে আইটি, রেস্টুরেন্ট, পরিবহন, নির্মাণশিল্প, কৃষি এবং সেবা খাতে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আসা অনেক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজের মাধ্যমে দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন। দক্ষতা, পরিশ্রম এবং দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতার কারণে বাংলাদেশি কর্মীদের চাহিদাও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে, বিদেশি কর্মীদের এই বাড়তি অংশগ্রহণ ডেনমার্কের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।