ইরানে ব্যতিক্রমধর্মী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গণবিবাহ অনুষ্ঠান। অনুষ্ঠানে নবদম্পতিদের সামরিক যান, মিসাইল ও অস্ত্রসজ্জিত পরিবেশে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি সামরিক গাড়িতে বসে আছেন নবদম্পতি; গাড়িটির পাশে ইরানের জাতীয় পতাকা এবং ভারী মেশিনগান সংযুক্ত ছিল। আয়োজকরা জানান, দেশের সংস্কৃতি, জাতীয় গর্ব ও সামরিক শক্তির প্রতীক তুলে ধরতেই এই ভিন্নধর্মী আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া দম্পতিদের সামরিক সরঞ্জাম প্রদর্শনের মাধ্যমে শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায়। এ আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে সামরিক উপস্থাপনাকে অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন। সম্প্রতি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানে বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক আয়োজনে সামরিক প্রতীকের ব্যবহার বেড়েছে বলে বিশ্লেষকদের ধারণা।