নতুন বছর ২০২২ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ চাঙা হয়ে ওঠেছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে জ্বালানি তেলের দামে বড় উত্থান হওয়ার পর ফেব্রুয়ারির শুরুতেও দাম বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। এতে দফায় দফায় দাম বেড়ে সবধরনের জ্বালানি তেলের দাম নতুন উচ্চতায় উঠেছে। এক’শ ডলারের কাছাকাছি চলে এসেছে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। জ্বালানি তেলের এমন দাম ২০১৪ সালের পর আর দেখা যায়নি। গেল এক সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ছয় শতাংশ। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বেড়েছে ৬ শতাংশ। এর আগে চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বাড়ে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েল দাম বাড়ে প্রায় সাড়ে ১৫ শতাংশ। আর হিটিং অয়েলের দাম বাড়ে ৫০ শতাংশের ওপরে।