তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে ক্ষমতা লাভের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মহাসচিব একথা জানিয়েছেন বলে আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গত আগস্টে তালেবান ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। আফগান পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনি এ কথা বলেন। আফগান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গত সেপ্টেম্বর মাসে সাবেক পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারে অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত বলে ঘোষণা করে তালেবান কর্তৃপক্ষ। এরপরই আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে থাকে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্ক্রমে নিয়োজিত সংস্থা ‘ইউনাইটেড ন্যাশনস এসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান’ (ইউনামা) এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধ ও সঙ্ঘাতের কারণে আফগানিস্তানে যে নিরাপত্তা সঙ্কট ছিল তার অবসান হয়েছে। একই সময়ে আফগানিস্তানে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনা হ্রাস পেয়েছে। ২০২০ সালের সাবেক পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারের আমলের চেয়ে বর্তমানের তালেবান আমলে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট ৯১ ভাগ সমস্যার সমাধান হয়েছে। প্রতিবেদন অনুসারে, তালেবান কর্তৃপক্ষের ক্ষমতা লাভের আগে সপ্তাহে ছয় শ’ নিরাপত্তা বিষয়ক সহিংসতা হতো, এখন ওই সমস্যার সংখ্যা কমে হয়েছে এক শ’। আগে সপ্তাহে সশস্ত্র সঙ্ঘাতের সংখ্যা ছিল সাত হাজার ৪৩০টি এখন তা কমে হয়েছে মাত্র ১৪৮টি। বর্তমানে ৯৮ শতাংশ সশস্ত্র সঙ্ঘাতের অবসান হয়েছে। বিমান হামলা কমেছে ৯৯ শতাংশ। বোমা হামলা কমেছে ৯১ শতাংশ। হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে ৫১ শতাংশ।