রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি শিক্ষার্থীদের টিকাদান শুরু হলো। প্রাথমিকভাবে দেশের বাদ পড়া বিভিন্ন শ্রেণির ১ কোটি ২১ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে সারা দেশের ৩০ লাখ কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। রোববার সকাল ৯টায় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জনের উপস্থিতিতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের এ টিকাদান শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হবে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে। জানা গেছে, ঢাকাসহ দেশের কওমি মাদ্রাসায় টিকা কেন্দ্র করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী এই টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া হবে ফাইজারের টিকা। এ ব্যাপারে সরকারের করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক জানান, রবিবার থেকে ঢাকায় ভাসমান মানুষ ও ঢাকাসহ সারা দেশে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হবে। পরে বাদ পড়া অন্য জনগোষ্ঠীদেরও টিকা দেওয়া হবে।