স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গ্রন্থাগার তৈরি করতে পারে জ্ঞানমনস্ক আলোকিত মানুষ যা টেকসই উন্নয়ন বাস্তবায়নে অপরিহার্য। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে, উপজেলা পর্যায়ে আধুনিক গণগ্রন্থাগার নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। শনিবার রাজধানীর শাহবাগস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপনের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসাদুজ্জামান খান। এবারের দেশব্যাপী উদযাপিত ‘জাতীয় গ্রন্থাগার দিবস ২০২২’ এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার। আসাদুজ্জামান খান বলেন, গ্রন্থাগার যত সমৃদ্ধ হবে, দেশ ততো এগিয়ে যাবে। আমাদের সমৃদ্ধ বাঙালি সংস্কৃতির রয়েছে হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য। নতুন প্রজন্মকে এ সমৃদ্ধ সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তুলতে হবে যার মাধ্যমে একটি আলোকিত, মানবিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।