বেসামরিক পরমাণু প্রকল্পে ইরানকে সহযোগিতায় অন্য দেশগুলোকে সুযোগ করে দিতে তেহরানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরান। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণ চুক্তি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন ‘জ্যাকোপা’ স্বাক্ষর করে ইরান। জ্যাকোপার শর্ত ছিলো, ইরান পরমাণু প্রকল্প থেকে সরে আসবে এবং এর পরিবর্তে দেশটির বিরুদ্ধে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে পর্যায়ক্রমে তা প্রত্যাহার করে নেয়া হবে। দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তির বিষয়ে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে তখনই ওয়াশিংটন নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জেষ্ঠ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে।