যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান ও পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তোরাঁয় তহবিল সংগ্রহের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। বিখ্যাত আইনজীবী ও পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করছে না। আমরা এখনো বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি। নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কিছু ব্যক্তির উপর আরোপ করা হয়েছিল, পুরো সংস্থার উপর নয়। বাংলাদেশের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান কংগ্রেসম্যান মিকস। আরো কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার জন্য বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে জোরালো লবিং করা হচ্ছে বলে জানান মার্কিন এ কংগ্রেসম্যান। তিনি বলেন, আরো কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে জোরালোভাবে লবিং করছে। তাদের কথা অনুযায়ী আমরা এটা করব না। এটা সম্ভব নয়, আমরা সবকিছু যাচাই-বাছাই করে সঠিক পদক্ষেপ নেব। চলতি বছর মানবাধিকার পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফর করবেন জানিয়ে মিকস বলেন, মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় দেখতে তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন। তার আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সঙ্গে কথা বলব। প্রয়োজনে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে শুনানির ব্যবস্থা করব। প্রসঙ্গত, সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।