২০১৭ সালের জুলাই। সমুদ্রসৈকতে ট্রাউজার গুটিয়ে পানিতে পা ডুবিয়ে গল্প করছেন ভারত ও ইসরাইলের দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ওই ছবি ও ভিডিও সংবাদমাধ্যমে সকলেই দেখেছেন। উত্তর ইসরাইলের ওলঘা সমুদ্রতীরে ছিল দুই রাষ্ট্রনায়কের অবকাশযাপনের সেই ফোটোসেশন। তিন দিনের এই সরকারি সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বেশ কয়েকটি সমঝোতা। তার সিংহভাগই প্রতিরক্ষা সহযোগিতা এবং অস্ত্র-সংক্রান্ত। সাড়ে চার বছর পর ফাঁস হলো আসল তথ্য। ২০০ কোটি ডলার বা ১৫ হাজার কোটি ভারতীয় রুপির ওই প্রতিরক্ষা চুক্তির অন্যতম ছিল পেগাসাস স্পাইওয়্যার। অর্থাৎ ইসরাইলের সাথে চুক্তি করে এনএসও সংস্থার তৈরি স্মার্টফোনে আড়ি পাতার বিশেষ সফটওয়্যার কিনেছিল আর কেউ নয়, খোদ মোদি সরকার। আর তা ব্যবহার করে ভারতের বিরোধী নেতা থেকে সাংবাদিক, বিচারপতি থেকে মন্ত্রী, অন্তত ৩০০ নাগরিকের ফোনে চলছিল চরবৃত্তি। তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের রাহুল গান্ধী ছিলেন তালিকায়।