শিল্পী সমিতির নির্বাচনে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। কিন্তু মন খুলে উদযাপন করতে পারছেন না তিনি। কেননা সাবেক সভাপতি মিশা সওদাগরের জন্য খুব মন খারাপ তার। শনিবার সন্ধ্যায় এফডিসিতে তিনি বললেন, ‘আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না। আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন। ওনার জন্য আমার মন খারাপ। দুই টার্ম একসাথে ছিলাম, তাকে মিস করছি। চার বছর একসাথে থাকতে থাকতে সম্পর্কটা স্বামী-স্ত্রীর মতো হয়ে গেছে।’ ১৩ ভোটে হেরে যাওয়া নিপুণের নানা অভিযোগ নিয়ে জায়েদ বলেন, ‘ভোটের পর পরাজিত হলে এমন অনেক কথা উঠে। এগুলো নিয়ে আমি ভাবছি না। নিয়ম অনুযায়ী এগুলো সুরাহা হবে। তবে খুব সুষ্ঠুভাবে ভোট হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে সব শিল্পীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।’