প্রায় দেড় মাস ধরে সারাদেশে করোনার বুস্টার ডোজ দেওয়া চলছে। প্রথমে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের এই ডোজের আওতায় আনা হয়। পরবর্তী সময়ে বয়স কমিয়ে করা হয় ৫০ বছর। তবে আজ রোববার বুস্টার ডোজ প্রাপ্ত মানুষদের বয়স ৫০ থেকে কমিয়ে ন্যূনতম ৪০ বছর করার কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, করোনা টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাবে। দুই ডোজ টিকা যারা নিয়েছেন, সেসব ব্যক্তিরাই বুস্টার হিসেবে তৃতীয় ডোজ পাবেন। বুস্টার ডোজের জন্য নতুন করে কারও নিবন্ধনের দরকার নেই বলেও জানিয়েছে অধিদপ্তর।