সরকারবিরোধী বৃহৎ রাজনৈতিক ঐক্য গড়ার পরিকল্পনা চূড়ান্ত করতে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে ওই ঐক্যপ্রক্রিয়ায় জামায়াতের অবস্থান কী হবে, বর্তমান বাস্তবতায় দলটিকে জোটে রাখা সম্ভব কি না, তা নিয়েও আলোচনা করা হবে। গত সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সাধারণত প্রতি সপ্তাহের সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। কিন্তু বৃহৎ ঐক্য ও জামায়াত প্রশ্নে সিদ্ধান্ত ও পরিকল্পনা চূড়ান্ত করতে শুক্রবার রাতে বিশেষ বৈঠক ডাকা হয়েছে। বিএনপি মনে করে, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবিত আইন পাস হতে পারে আজ বৃহস্পতিবার। এ ব্যাপারে সমমনা রাজনৈতিক দলগুলোর বক্তব্য অভিন্ন হওয়া দরকার। আগামী দিনের কর্মসূচিও যুগপত্ভাবে হওয়া উচিত।