শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনের ১১৫ ঘণ্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত পদত্যাগের কোনো সিদ্ধান্ত না আসায় অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বিদ্যুৎহীন প্রথম রাত অতিবাহিত করেছেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। গত বুধবার বিকেল ৩টা থেকে টানা অনশন করে যাচ্ছেন ২৩ শিক্ষার্থী। এর মধ্যে গণঅনশনের অংশ হিসেবে আরও ৫ শিক্ষার্থী যুক্ত হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত ২০ শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়। অনশনস্থলে অনশন করে যাচ্ছেন বাকি ৮ জন। আন্দোলনরত শিক্ষার্থী সাদিয়া আফরিন জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন শিক্ষার্থী আজ সোমবার বিকেলে আবারও ক্যাম্পাসের অনশনস্থলে ফিরবেন এবং অনশন চালিয়ে যাবেন। রোববার রাত সাড়ে ৭টায় ভিসির বাসভবনের বিদ্যুৎ ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি মশাল মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে রাত ১০টায় একই স্থানে ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। এদিকে রোববার রাতে চারটি বিষয় উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে অনুরোধ করেছেন তারা। অন্যদিকে ভিসির বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থায় রাত পার করেছেন তিনি। সারারাত আলো জ্বলতে দেখা গেছে তার বাসভবনে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়া কাউকে প্রবেশ করতে দেখা যায়নি।