সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি শিল্প এলাকায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশিসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। আমিরাতে হুথিদের প্রথম ড্রোন হামলার সপ্তাহ খানেকের মাথায় ফের এ হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্স। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করে ‘দৃঢ়ভাবে’ তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন বলে জানিয়েছে তারা। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়,উপসাগরীয় এই দেশটি লক্ষ্য করে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্র দু’টি লক্ষ্যে আঘাত হানার আগেই আকাশে আটকে দেয়ার পর ধ্বংস করা হয়েছে। দেশটির এই মন্ত্রণালয় বলছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ রাজধানী আবু ধাবির কাছের বিভিন্ন এলাকায় পড়েছে। এ ধরনের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রসঙ্গত, সৌদি নেতৃত্বাধীন এ জোট ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে। গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে নজিরবিহীন এক হামলা চালায় হুতিরা। তাতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন। এছাড়া সম্প্রতি ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হন।