করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়লেও শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হবে। তবে, যদি সংক্রমণ দ্রুত বেড়ে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সাভারের দত্তপাড়া এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, যদি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার কারণে সংক্রমণ বাড়বে, তখন আমরা বন্ধ করে দেব। কিন্তু এখনো যে অবস্থায় আছে- আমরা চেষ্টা করছি, আমরা কী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রেখে সংক্রমণ বাড়ার ক্ষেত্রে আমরা যেন দায়ী না হই, সেটা আমরা নিশ্চিত করতে চাই। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চায় জানিয়ে, শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা ব্যবস্থা যাতে ব্যহত না হয়, এসব বিষয় মেনে চলার আহ্বান জানান ডা. দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে- এমন গুজবে কান না দেওয়ার আহ্বানও জানিয়ে দীপু মনি। বলেন, নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে। আপনারা গুজবে কান দেবেন না।