ভারতীয় ইস্পাতের রফতানি মূল্য এক বছরের সর্বনিম্নে নেমে এসেছে। স্থানীয় ও রফতানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ভারতীয় মুম্বাইভিত্তিক আর্থিক পরিষেবা সংস্থা এডেলউইস সিকিউরিটিজ এক প্রতিবেদনে জানায়, প্রতি টন ভারতীয় ইস্পাতের রফতানি মূল্য ৭৫০ ডলারে নেমেছে। এক মাস আগেও রফতানি মূল্য ছিল ৮৪০ ডলার। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে ভারতীয় ইস্পাতের দাম বিশ্বের অন্যান্য রফতানিকারক দেশের তুলনায় সর্বনিম্নে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের ইস্পাত টনপ্রতি ১ হাজার ৭৮৯ ডলারে রফতানি হচ্ছে। ইউরোপের স্থানীয় বাজারে ইস্পাতের দাম ১ হাজার ৩৩ ডলার। চীনের ইস্পাতের রফতানি মূল্য ৭৮০ ডলার। জাপান ও দক্ষিণ কোরিয়া রফতানি করছে ৮০৫ ডলারে। বিশ্লেষকরা জানান, বিদায়ী বছরে স্মরণকালের ভয়াবহ কয়লা সংকটে পড়েছিল ভারত। ফলে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির মুখে পড়ে। এ কারণে ধাতব কয়লার দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছে, যা ইস্পাত উৎপাদন খাতে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এসব সংকটের কারণে স্থানীয় বাজারে পণ্যটির চাহিদা কমে যায়। ফলে ব্যবসায়ী স্বল্প দামে পণ্যটি বিশ্বের বিভিন্ন দেশে রফতানি করছেন। বর্তমানে দেশটি উৎপাদিত ইস্পাতের এক-তৃতীয়াংশই আন্তর্জাতিক বাজারে বিক্রি করে দিচ্ছে।