সদ্যবিদায়ী বছরে তুরস্কের আকরিক লোহা আমদানি কমেছে। বছরজুড়ে সরবরাহ সংকটসহ নানা জটিলতায় আমদানি বাধাগ্রস্ত হয়। এছাড়া করোনার ডেল্টা ধরনের প্রাদুর্ভাবও আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলে। টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত তুরস্ক ৯১ লাখ ১০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী থাকায় আমদানীকৃত পণ্যটি থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে। এ সময় তুরস্ক ১৭৩ কোটি ডলারের আকরিক লোহা আমদানি করে, যা ২০২০ সালের ১০ মাসের তুলনায় ১০২ দশমিক ৩ শতাংশ বেশি। টার্কিশ স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট জানায়, ২০২১ সালের প্রথম ১০ মাসে তুরস্ক সবচেয়ে বেশি আকরিক লোহা আমদানি করে ব্রাজিল থেকে। এ সময় দেশটি থেকে ৪৬ লাখ ৭০ হাজার টন আকরিক লোহা কেনা হয়, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেশি। সুইডেন থেকে আমদানি করা হয় ১২ লাখ ৩০ হাজার টন। রাশিয়া থেকে আমদানি করা হয় ১১ লাখ ২০ হাজার টন।