অতীতে ইন্টারন্যাশনাল লিজিংসহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ তার ৩৭ জন সহযোগীর বিরুদ্ধে ১০ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন এ অনুমোদন দেয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানসহ চারজন কর্মকর্তা শিগগিরই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করবেন। পাশাপাশি পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনসহ ৪৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠি পুলিশের বিশেষ শাখায় পাঠানো হয়। ওই দিনই বিশেষ শাখা নিষেধাজ্ঞা জারি করে দেশের বিমান ও স্থলবন্দরগুলোতে চিঠি পাঠায়। পি কে হালদারের ৩৩ জন সহযোগীর সম্পদের হিসাব চেয়েও শিগগির নোটিশ পাঠানো হবে। গতকাল মঙ্গলবার তাদের কাছে নোটিশ পাঠানোর অনুমোদন দিয়েছে কমিশন। নোটিশে নির্দিষ্ট সময়ে তাদের নামে-বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দিতে বলা হয়েছে। ১০ মামলার অনুমোদন : অনুমোদন দেওয়া মামলাগুলোতে বলা হয়, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক এমডি মো. রাশেদুল হক, বর্তমান ভারপ্রাপ্ত এমডি মো. আবেদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমএ হাশেম ও পর্ষদ সদস্যরা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার এবং বিশ্বাস ভঙ্গ করে যাচাই-বাছাই না করে ঋণের বিপরীতে কোনো মর্টগেজ ছাড়াই ১০টি কাগুজে প্রতিষ্ঠানের মালিকদের ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। এভাবে ইন্টারন্যাশনাল লিজিং থেকে সাতশ কোটি টাকা তুলে আত্মসাৎ করা হয়। আসামিরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এবং দণ্ডবিধি-১৮৬০ এর ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। মামলার আসামি যারা : দুদক সূত্র জানিয়েছে, ১০ মামলার প্রতিটিতে পি কে হালদারকে আসামি করা হবে। যে ৩৭ জনের বিরুদ্ধে ১০ মামলা করা হবে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব মামলার আসামির তালিকায় রয়েছেন- নিউট্রিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মিসেস অনামিকা মল্লিক, এমডি মহানন্দ, কণিকা এন্টারপ্রাইজের মালিক রামপ্রসাদ রায়, লিপরো ইন্টারন্যাশনালের এমডি উত্তম কুমার মিস্ত্রি, দ্রিনান অ্যাপারেলসের এমডি মোহাম্মদ আবু রাজীব মারুফ, ইমাম হোসেন, লিপরো ইন্টারন্যাশনালের পরিচালক রচনা মণ্ডল, উইন্টেল ইন্টারন্যাশনালের পরিচালক সুকুমার সাহা, উইন্টেল ইন্টারন্যাশনালের পরিচালক অনিন্দিতা মৃধা, আর্থস্কোপ লিমিটেডের চেয়ারম্যান প্রশান্ত দেউরী, এমডি মিরা দেউরী, ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস, এমডি মো. তোফাজ্জাল হোসেন, পরিচালক সুভ্রা রানী ঘোষ, আরবি এন্টারপ্রাইজের মালিক রতন কুমার বিশ্বাস, ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক পাপিয়া ব্যানার্জী প্রমুখ।