পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঠ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অন্যতম ইস্যু নারী সুরক্ষা। এখানে নারীরা সুরক্ষিত নন, বারবার দাবি তুলেছে বিজেপি। গত রোববার ব্রিগেডের মঞ্চ থেকেও নারী সুরক্ষা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিল বিজেপি নেতৃত্ব। সোমবার নারী দিবসের মঞ্চে এ রাজ্যের মুখ্যমন্ত্রী সে প্রসঙ্গ তুলে ধরেই বলেন, বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় বলা হচ্ছে। তাহলে কোথায় সুরক্ষিত। বাংলাতে এসে শুধু মিথ্যে কথাই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও একই অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনই মমতা জানিয়েছিলেন, ৮ মার্চ নারী দিবস উপলক্ষে রাস্তায় হাঁটবেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কলেজ স্ট্রিট থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। প্রতিবছরই এ দিন মিছিল করেন তৃণমূল নেত্রী। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে এই মিছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এ দিন কর্মসূচিতে মমতার সঙ্গে ছিলেন সদ্য তৃণমূলে প্রার্থিতা পাওয়া সায়নি, কৌশানী, সায়ন্তিকা, লাভলি থেকে শুরু সংসদ সদস্য মিমি-নুসরতসহ টালিগঞ্জের একঝাঁক তারকা।