সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার অবশ্যই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্বগ্রহণের পর অভিশংসন বিষয়ক প্রথম বিস্তৃত বক্তব্যে বাইডেন বলেন, ‘আমি মনে করি এটি (অভিশংশন বিচার) ঘটা উচিত’। সোমবার সন্ধ্যায় পশ্চিম উইংয়ের হলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাইডেন। খবর সিএনএনের অভিশংসন বিচার হলে আইনসভার এজেন্ডা এবং মন্ত্রিপরিষদের মনোনীতদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেছেন বাইডেন। কিন্তু তিনি এও বলেছেন, যদি তা না হয়, তাহলে আরও খারাপ প্রভাব ফেলতে পারে। বাইডেন বলেন, আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ ছয় মাস বাকি থাকলে অভিশংসন বিচারের ফলাফল ভিন্ন হত। কিন্তু এখন ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য ১৭ জন রিপাবলিকান সিনেটর ভোট দেবেন বলে মনে করেন না তিনি। সিনেটের পুরোনো দিনের অভিজ্ঞতা বর্ণনা করে প্রেসিডেন্ট বাইডেন বলেন, সিনেট বদলে গেছে। আমি যখন ছিলাম, তার থেকে বদলে গেছে। কিন্তু এতটা বদলায়নি। বাইডেন এমন একটা সময় এ মন্তব্য করেন, যখন ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারপ্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার সন্ধ্যায় সিনেটে দ্বিতীয় অভিশংসন প্রস্তাবটির দলিল হস্তান্তর করেছেন অভিশংসন ব্যবস্থাপকরা। নির্বাচনে ভোট জালিয়াতির ভুয়া দাবি, নির্বাচনব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত করার প্রয়াসসহ জানুয়ারির শুরুতে ক্যাপিটল হিলে হামলার জন্য সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে ট্রাম্পের অভিশংসন প্রস্তাবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম দ্বিতীয়বার অভিশংসিত হতে যাচ্ছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।