ভারতের ভূখণ্ডে চীনের অনুপ্রবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতাকে কটাক্ষ করে কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক টুইটবার্তায় তিনি বলেন, চীন ভারতের সীমান্তে ধীরে ধীরে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করছে। কিন্তু মোদিকে এ নিয়ে টুঁ শব্দটিও করতে দেখা যাচ্ছে না। গত কয়েক মাস ধরে তিনি চীনের নামটিও মুখে আনছেন না। খবর হিন্দুস্তান টাইমসের গত সপ্তাহে সিকিমের নাকু লা এলাকার কাছে ভারতের সেনাদের সঙ্গে চীনা সেনাদের হাতাহাতি হয়। সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বলা হয় যে, ২০ জানুয়ারির ওই ঘটনাটা ‘খুব ছোটখাট’ একটা বিষয় ছিল। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামান্য ওই বিষয়টা স্থানীয়ভাবেই মিটমাট করা হয়েছে। এরপর রাহুল গান্ধী তার টুইটারে এমন মন্তব্য করেন। তিনি বলেন, চীন ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে কোনো রা নেই। কিন্তু যদি ভারতের কৃষক-মজুর-শ্রমিকরা একতাবদ্ধ হন, তাহলে চীন ভারতের ত্রিসীমানায় আসতেও সাহস পাবে না। তিনি বলেন, চীন জেনে গেছে ভারতের অর্থনীতি হাঁটু ভেঙে পড়েছে। দেশের সব সম্পদ কুক্ষিগত হয়েছে ৫৬ ভাগ মানুষের হাতে। তাই তাদের সাহস বেড়ে গেছে। কংগ্রেসেরে সাবেক সভাপতি রাহুল গান্ধী তামিলনাড়ু সফরে রয়েছেন। তিনি সেখানে কৃষক-তাঁতীসহ সাধারণ মানুষের সঙ্গে আগামী নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় করছেন। প্রসঙ্গত আগামী এপ্রিল-মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন।