লিওনেল মেসির ইতিহাস গড়া গোলের দিনে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সোমবার (২২ জুন) গ্রুপ ‘জে’-এর ম্যাচে আলবিসেলেস্তেদের হয়ে প্রথম গোলটি করেন অধিনায়ক লিওনেল মেসি। পরে দ্বিতীয় গোল যোগ করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও ৩৮তম মিনিটে দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে জালের দেখা পান মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে পুরুষদের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেন তিনি। এটি ছিল বিশ্বকাপে তার ১৭তম গোল, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ডকে ছাড়িয়ে যায়। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে সেই রেকর্ডে একক মালিকানা প্রতিষ্ঠা করেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জে’ থেকে শেষ ৩২ নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে দারুণ ছন্দে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা।