ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী-অধ্যুষিত দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার হঠাৎ এই ঘোষণার তীব্র সমালোচনা করে বড়সড় নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা বিশ্বের নেতারা। মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় টেলিভিশনে জাতির উদ্দেশে বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘ সময়ের এই বক্তব্যের একপর্যায়ে ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানান পুতিন। তিনি বলেন, রাষ্ট্র হিসেবে ইউক্রেন কখনোই স্থিতিশীল ছিল না। অঞ্চল দুটিকে স্বীকৃতি দিতে ডিক্রি জারির বিষয়ে ইতোমধ্যেই জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে টেলিফোনে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন পুতিন। পুতিন বলেন, ইউক্রেন অধিকৃত অঞ্চল দোনেস্ক ও লুহানস্ক অঞ্চল দুটিই নয় ঐতিহাসিকভাবে পুরো ইউক্রেনই ছিল রাশিয়ার। এটি চরম সত্য। রাশিয়া নয় বরং ন্যাটো, ইইউ ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের নেতারা আমাদের সঙ্গে কথার বরখেলাপ করেছেন। অবিলম্বে ন্যাটোর সেনা প্রত্যাহার করে নিতে আহ্বান জানাচ্ছি। তা নাহলে রক্তক্ষয়ী সংঘর্ষের জন্য ইউক্রেনই দায়ী থাকবে।