১০ বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১-এর উদ্যোগে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটা হচ্ছে রকিবুল হুদা (রকিব উদ্দিন আহমেদ), আরেকটা নূরুল হুদা। একজন ১৫৩ জনকে বিনাভোটে নির্বাচিত করিয়েছেন। আরেকজন নিশিরাতে ভোট করেছেন। এই নূরুল হুদা চমৎকার মডেল আবিষ্কার করেছেন— কীভাবে দিনের ভোট ভোররাতে করতে হয়। এই চমৎকার মডেলটির তিনি আবিষ্কার করেছেন। সুতরাং এ ধরনের সফলতা তাদের দুজনেরই আছে। বিএনপির এই নেতা বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমার কোনো ব্যর্থতা নাই। ঠিকই বলেছেন তিনি। আপনার ব্যর্থতা না সফলতা এটি জনগণ তাদের কাঠগড়ায় লিপিবদ্ধ করে রেখেছেন। আমি মনে করি সিইসি নূরুল হুদার কোনো ব্যর্থতা নেই, তিনি সফল। কারণ ইভিএম মেশিন কিনতে যে শত শত কোটি টাকা দুর্নীতির সফলতা, এটা তো হুদা সাহেবের সফলতা! নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য যে বিশেষ বক্তব্যের আয়োজন করেছে কোটি কোটি টাকা খরচ করে, সেখানে যে দুর্নীতি হয়েছে; সে সফলতা তো নূরুল হুদার সফলতা।