করোনা মহামারীর অভিঘাত থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে সিঙ্গাপুরের অর্থনীতি। বেশ কয়েক প্রান্তিকে নতুন কর্মী নিয়োগ বন্ধ থাকলেও সম্প্রতি কেবিন ক্রু নিয়োগ শুরু করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল নিউ এশিয়ার (সিএনএ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সিঙ্গাপুর এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, আমাদের পুরনো সব কেবিন ক্রু ও পাইলট পুরোদমে দায়িত্বে যোগ দিয়েছেন। ভ্রমণের চাহিদা বাড়ার সঙ্গে আমরা সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছি। কয়েক ডজন দেশের জন্য ভ্যাকসিন করিডর চালু করেছে সিঙ্গাপুর সরকার। এতে ভ্যাকসিন গ্রহণ করা বিদেশী নাগরিকদের সিঙ্গাপুর ভ্রমণ সহজতর হয়ে উঠেছে। গত ডিসেম্বরে সিঙ্গাপুর এয়ারলাইনস এবং তার সহযোগী প্রতিষ্ঠানগুলো ৪৬ দশমিক ৫ শতাংশ যাত্রী নিয়ে ফ্লাইট চালিয়েছে। ২০২০ সালের একই মাসে তা ছিল মাত্র ১৩ দশমিক ৭ শতাংশ।