বাংলাদেশের পর্যটন খাতকে বিশ্ববাজারে আকর্ষণীয় করে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ সফল করতে দুবাই এক্সপোকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। শনিবার বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত এক সেমিনারে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে সম্ভাবনাময় বাংলাদেশকে অনন্যরূপে তুলে ধরা হয়। শনিবার দুপুরে দুবাই এক্সপো প্রাঙ্গণে বাংলাদেশ প্যাভিলিয়নে ট্যুরিজম বোর্ড বাংলাদেশ ‘এক্সফ্লোর মুজিব বাংলাদেশ-এ হিডেন গেম অব ট্যুরিজম ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সম্ভাবনা ও অপরূপ সৌন্দর্য তুলে ধরা হয় বিশ্ববাসীর সামনে।