মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন। মোমেনের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা বাসস এ খবর জানিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ সকালে আমি এই আমন্ত্রণ সম্পর্কে জানতে পেরেছি।’ তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দফতর ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানিয়েছে। ব্লিংকেন গত ডিসেম্বরে এক ফোনালাপকালে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। মোমেন বলেন, ‘ওই সময়ে তিনি (ব্লিংকেন) বলেন, এ বছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সাথে সরাসরি বৈঠকে মিলিত হতে চান।’