নাফিউল আদনান চৌধুরী শাহজালাল জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল এবং এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০১৫ সালে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হন। বহুজাতিক কোম্পানি গুগলে চাকরি পেয়েছেন সিলেটের নাফিউল আদনান চৌধুরী। তিনি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন। জানা গেছে, গুগলের ইউরোপিয়ান হেডকোয়ার্টার আয়ারল্যান্ডের ডাবলিন কার্যালয়ে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। নাফিউল আদনান চৌধুরীর বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার মোতিয়ারগাঁওয়ে। মো. সামছুল হক চৌধুরী ও মুসলিমা বেগমের বড় ছেলে তিনি। আদনান মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নাফিউল আদনান চৌধুরী জানান, তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে ইনোসিস সলিউশন্স নামের একটি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারি হিসেবে কাজ করছিলেন। এই প্রতিষ্ঠান আমেরিকা ও কানাডার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য সফটওয়্যার তৈরিসহ আইটি সেবা দিয়ে থাকে। সম্প্রতি তিনি গুগল থেকে তিনি চাকরির সাক্ষাৎকারের ডাক পান। সফল সাক্ষাৎকার শেষে গত সোমবার (৩১ জানুয়ারি) পেয়েছেন নিয়োগপত্র। প্রয়োজনীয় প্রক্রিয়া সেরে শিগগিরই তিনি গুগলের ইউরোপিয়ান হেডকোয়ার্টারে যোগ দেবেন। নাফিউল আদনান চৌধুরী শাহজালাল জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে দাখিল এবং এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০১৫ সালে তিনি উচ্চশিক্ষার জন্য সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ভর্তি হন। ২০১৯ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই ডিগ্রি লাভ করেন তিনি। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষকরা জানান, নাফিউল আদনান চৌধুরী অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে বিভিন্ন দলীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব দেখান। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি দুই সহস্রাধিক প্রোগ্রামিং সমস্যার সমাধান করেছেন। জুনিয়র শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখাতে তিনি নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা এবং প্রশিক্ষণ পরিচালনা করেছেন। তার এসব কাজে সিএসই বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী উপকৃত হন। অসাধারণ এই সাফল্যের জন্য আদনানকে অভিনন্দন জানিয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী, উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।