ইউক্রেন সংকটে চলমান পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। ঢাকা আশা করে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই দুই পক্ষ আলোচনা করে শান্তিপূর্ণ একটি সমাধানে পৌঁছবে। এ সংকটে কোনো পক্ষ নেবে না বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে স্পষ্ট করেই এমন বার্তা দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মঙ্গলবার এই দুই কূটনীতিক পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি ঢাকার এই অবস্থান জানিয়ে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, ‘বিবদমান পক্ষগুলোর মধ্যে কাউকে সমর্থন দিতে চায় না বাংলাদেশ। আমরা বলেছি, এখানে সব দেশই আমাদের বন্ধু। আমরা চাই না আমাদের এমন এক অবস্থার দিকে ঠেলে দেওয়া হোক, যেখানে বন্ধুদের মধ্যে একজনকে বেছে নিতে হয়।’