তীব্র ঠাণ্ডায় থাকার ফলে হাইপোথার্মিয়ায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে। ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসালদের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান এবং যথোপযুক্ত করণীয় নির্ধারণের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শনিবার ইতালির বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাসের কাউন্সেলর (শ্রম কল্যাণ) এরফানুল হকের নেতৃত্বে ও দূতাবাসের একজন ইতালি-ভাষী কর্মচারীসহ দুই সদস্য বিশিষ্ট একটি দল দুর্ঘটনার পরদিনই ২৬ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে পৌঁছায়। দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় থাকার কারণে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে ৭ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয় যারা বাংলাদেশের নাগরিক বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। কাউন্সেলর হক ২৭ জানুয়ারি লাম্পেডুসার ডেপুটি মেয়র প্রেস্টিপিনো সালভাতোরের সঙ্গে সাক্ষাত করেন। তবে মেয়র শহরের বাইরে থাকায় তার সঙ্গে সাক্ষাত করা সম্ভব হয়নি।