নতুন বছর ২০২২ সালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ চাঙ্গা হয়ে উঠেছে। বছরের প্রথম মাসজুড়েই বেড়েছে জ্বালানি তেলের দাম। দফায় দফায় দাম বেড়ে সব ধরনের জ্বালানি তেলের দাম নতুন উচ্চতায় উঠেছে। জ্বালানি তেলের এমন দাম ২০১৪ সালের পর আর দেখা যায়নি। নতুন বছরের প্রথম মাস জানুয়ারিতে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১৬ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে প্রায় সাড়ে ১৫ শতাংশ। হিটিং অয়েলের দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি। তথ্য পর্যালোচনায় দেখা যায়, জ্বালানি তেলের দামে বড় লাফ দিয়ে নতুন বছর ২০২২ সাল শুরু হয়। বছরের প্রথম সপ্তাহেই প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯৩ ডলারে উঠে আসে। দ্বিতীয় সপ্তাহে ৬ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ৮৪ দশমিক ২৬ ডলারে।