আগামী মার্চে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের একটি রকেট চাঁদে বিধ্বস্ত হবে। ২০১৫ সালে ফেলকন ৯ বুস্টার নামের রকেটটি মহাকাশে পাঠানো হয়। তবে মিশন শেষ করার পর পর্যাপ্ত জ্বালানী না থাকায় এটি পৃথিবীতে ফিরতে পারেনি। ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি (ডিএসসিওভিআর) নামে নাসার একটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য রকেটটি ব্যবহার করা হয়। এরপর থেকে রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টারটি গাণিতিকভাবে একটি বিশৃংঙ্খল কক্ষপথে ভেসে বেড়ায়। বুধবার জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে গাণিতিক হিসাব করে রকেটটির নতুন করে চাঁদে পতিত এবং ধ্বংস হওয়ার সময় নির্ধারণ করেন। বুস্টারটি জানুয়ারিতে চাঁদের বেশ কাছাকাছি চলে গিয়েছিল, এবং এটি তার অবস্থান থেকে কক্ষপথ পরিবর্তন করে। বিল গ্রে নসার অর্থায়নে স্পেস অবজারভেশন প্রোগ্রাম এবং প্লুটো প্রজেক্টে কাজ করছেন, সেখানে গাণিতিক সফটওয়্যার থেকে মহাকাশে গ্রহাণু এবং অন্যান্য বস্তুর গতিপথ গণনা করা হয়।