তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, আফগানিস্তান হলো সাম্রাজ্যবাদ সমূহের কবরস্থান। এর অর্থ হলো, আফগানরা ঐক্যবদ্ধ। দখলদারদের অধীনে আফগানরা ঐক্যবদ্ধ হয়নি। তবে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে আফগানিস্তানের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে। শুক্রবার (২১ জানুয়ারি) ‘আফগানদের ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা নেই, কেউ তাদের ঐক্যবদ্ধ করতে পারে না’- আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এর এমন বক্তব্যের প্রতিবাদে একাধিক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। আফগান পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিচ্ছিন্ন জাতি কখনো সুপার পাওয়ারদের পরাজিত করতে পারে না। শুধুমাত্র ঐক্যবদ্ধ জাতিই সুপার পাওয়ারকে নির্মূল করতে পারে। তিনি বলেন, দখলদার শক্তিকে পরাজিত করার পর ইসলামিক আমিরাত সমগ্র আফগানিস্তানজুড়ে নিরাপত্তা নিশ্চিত করেছে, মানুষদের ঐক্যবদ্ধ করেছে এবং কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত করেছে। অনৈক্য এমন একটি ঘটনা যেটা দখলদাররা তাদের অস্তিত্বের মাধ্যম এবং হাতিয়ার হিসেবে ব্যবহার করে। কিন্তু আফগানিস্তানের মানুষ ইসলামি মূল্যবোধ এবং ঐতিহাসিক অর্জনের আলোকে দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছে।