সাময়িকভাবে স্থগিত করে রাখা পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল(আইসিবিএম) পরীক্ষা আবার শুরু করার কথা ভাবছে উত্তর কোরিয়া। দেশটির ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা বলেছেন, তারা দেশের সেনাবাহিনীকে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের থেকে বেশি শক্তিশালী করে তুলতে চান। খবর আল জাজিরা। পলিটব্যুরো সদস্যদের বরাতে দেশটির রোদং সিনমুন সংবাদমাধ্যম জানিয়েছে, যা কিছু সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল, সেসব আবার শুরু করার বিষয়ে বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। ২০১৭ সালে পারমাণবিক ও আইসিবিএম পরীক্ষার উপর স্বআরোপিত স্থগিতাদেশ দেয় উত্তর কোরিয়া। সম্প্রতি গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে কথা বলছে পিয়ংইয়ং, পাশাপাশি বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল পরীক্ষাও চালিয়েছে তারা। তার মধ্যে একটিকে তারা বলছে হাইপারসনিক মিসাইল। চলতি মাসে চতুর্থবারের মতো মিসাইল পরীক্ষা চালানোর কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করায় এ বিষয় নিয়ে বুধবার আলোচনায় বসে উত্তর কোরিয়া। তারপরই এমন সিদ্ধান্ত জানালেন নীতি নির্ধারকরা। ২০১৭ সালের সবশেষ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া, তার দুই মাস পরে তারা আইসিবিএম পরীক্ষা চালায়। অবশ্য সম্প্রতি যেসব মিসাইল পরীক্ষা চালানো হয়েছে তার কোনোটিই আইসিবিএম নয়।