আফগানিস্তানে তালেবানের মধ্যেই দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে। শুক্রবার বালখ প্রদেশে উজবেক তালেবান কমান্ডারকে গ্রেফতার করে পাশতুন তালেবান কমান্ডার। তালেবানের মধ্যে জাতিগত যে দ্বন্দ্ব আছে সেটি নতুন করে প্রকাশ্যে চলে আসে। এটি মূলত জাতিগত বৈষম্য থেকেই হয়েছে। তালেবান যখন ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসে তখনো তাদের মধ্যে জাতিগত বৈষম্য ছিল। পাশতুন তালেবানরা উজবেক ও তাজিক তালেবানকে খুব বেশি একটা বিশ্বাস করে না। তবে নিজেদের মধ্যে এই দ্বন্দ্বের দায় গণতন্ত্রপন্থীদের ওপর দিয়েছেন তালেবানের মুখপাত্র ইনামুল্লাহ সামানগানি। তিনি টুইটারে দাবি করেছেন, আফগানিস্তানে এখন গণতন্ত্র মরে গেছে। কিন্তু তবুও গণতন্ত্রপন্থীরা ঝামেলা সৃষ্টি করতে সব চেস্টাই চালাচ্ছে। তিনি আরো দাবি করেছেন, আফগানিস্তানে যে জাতিগত বৈষম্য বিরাজমান তা সাবেক সরকারের কাছ থেকে পেয়েছেন তারা। আর দেশটিতে গণতন্ত্রের সবচেয়ে বড় বিজয় হলো, এটি আফগানদের মধ্যে জাতিগত বিবেধ সৃষ্টি করেছে।