আমির খান মুত্তাকি আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, আমরা বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চাই। ইসলামিক আমিরাত অব আফগানিস্তান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বের দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করতে চায়। যাতে আমরা মহান শক্তির প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুতার অংশ না হই। বাখতার নিউজ। আফগানিস্তান এবং মার্কিন জাকাত ফাউন্ডেশনের যৌথ সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। আফগানিস্তানে শান্তি ও মানবিক সহায়তা শীর্ষক সম্মেলনটি ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা প্রতিবেশী দেশ, অঞ্চল এবং বিশ্বের সাথে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে চাই। আমরা আফগানিস্তানকে এশীয় অঞ্চলে সহযোগিতার সেতুতে পরিণত করতে আগ্রহী। তিনি এ সময় পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কখনই কাউকে অন্যের ক্ষতির জন্য আফগান ভূখণ্ড পুনরায় ব্যবহার করতে দেব না। আমরা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ করতে দেব না। আমরা অন্যান্য জাতির ন্যায়সঙ্গত স্বার্থ ও দাবিকে সম্মান করি এবং অনুরূপ পদক্ষেপের আহ্বান জানাই। মুত্তাকি বলছেন, আশরাফ ঘানি সরকারের ৫ লাখ কর্মচারী কাজ চালিয়ে যাবেন। আগের সরকারের পতনের পর আমাদের কারো প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি ছিল না। এখন সময় এসেছে আফগানিস্তানকে বৈশ্বিক স্থিতিশীলতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং একটি উন্নত ভবিষ্যত নির্মাণে ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ দেওয়ার। তালেবান সরকারের পাঁচ মাস পার হলেও এখন বিশ্ব স্বীকৃতি মেলেনি। দেশটিতে এখন চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ মানবিক সহায়তা পাঠাচ্ছে আফগানিস্তানে। তালেবান নেতাদের প্রত্যাশা, নতুন বছরে তালেবান সরকার বিশ্বের স্বীকৃতি পাবে।