বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আগামী ১৫ জানুয়ারি থেকে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্তের কথা জানালেও তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাস মালিকরা বলছেন, সব অফিস-আদালত খোলা রেখে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করা হলে তাতে মানুষের ভোগান্তি হবে। পরিবহন খাতের অংশীজনরাও বলছেন একই কথা। এ অবস্থায় ১৫ জানুয়ারি থেকে বাসে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত দিলেও পরিবহন মালিক ও অংশীজনদের দাবির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। বিষয়টি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগ দেবে বলে জানিয়েছেন বিআরটিএর কর্মকর্তারা। কভিড সংক্রমণের বিস্তার রোধে জনসমাগম সীমিত করতে গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা দিয়েছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার বিআরটিএর কার্যালয়ে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ পরিবহন খাতের অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিআরটিএর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আগামী ১৫ জানুয়ারি থেকে বাসে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। যাত্রী পরিহনের ক্ষেত্রে বাসগুলো সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী পরিবহন করা হলেও বাসের ভাড়া বাড়ানো হবে না।