নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত 'জনগণের মুখোমুখি' শীর্ষক অনুষ্ঠানে অংশ নেননি প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার। রোববার সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কের মুক্তমঞ্চে 'জনগণের মুখোমুখি' শীর্ষক অনুষ্ঠানের আয়োজ করা হয়। এবারের নির্বাচনে মোট ৭ জন মেয়র প্রার্থী থাকলেও সংলাপে অংশ নেননি ৪ জন প্রার্থী। অনুষ্ঠানে ৩ জন মেয়র প্রার্থী অংশ নিয়ে অবাধ ও সুষ্ঠ নির্বাচন করা, নির্বাচনে টাকার প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থাকা, ভোট না কেনা, আচরণবিধি মেনে চলা, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক সিটি করপোরেশন গড়ে তোলা, স্বচ্ছতা, জবাবদিহিতাসহ নানা বিষয়ে লিখিত অঙ্গীকার করেন। পাশাপাশি পরাজিত হলে গণরায় মেনে নেওয়ারও অঙ্গীকার করেন তারা। অনুষ্ঠানে মেয়র প্রার্থী হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের সিরাজুল মামুন ও বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস অংশ নিলেও প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার অংশ নেননি। এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জসীম উদ্দিনও অনুষ্ঠানে অংশ নেননি। সুজনের জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, নির্বাহী সদস্য ড. তোফায়েল আহমেদ ও কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ কুমার সরকার প্রমুখ। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, 'মানুষ যাতে জেনে, শুনে ও বুঝে ভোট দিতে পারে সেজন্যই সুজনের এ আয়োজন।' তিনি ভোটারদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান এবং দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, ঋণ খেলাপী, ধর্ম ব্যবসায়ী ও অসৎ ব্যক্তিকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের শপথ পাঠ করান। খেলাফত মজলিসের প্রার্থী সিরাজুল মামুন বলেন, 'আমরা এমন একটি নগর গড়ে তুলতে চাই যেখানে সব মানুষের উন্নয়ন হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানবিক উন্নয়ন হবে। মানবসম্পদের উন্নয়নে কাজ করে যাব। যারা অর্থের অভাবে জীবন যাপন করতে পারে না, তাদের জন্য একটি ব্যক্তিগত তহবিল গঠন করে সেখান থেকে আমরা তাদের বিনা সুদে ঋণ দেব।' ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ বলেন, '২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হলেও জনগণের চাওয়া-পাওয়া পূরণ হয়নি। আমরা নির্বাচিত হলে সর্বপ্রথম এ নগরকে স্বাস্থ্যসম্মত নগর হিসেবে গড়ে তুলব। এ সিটিতে সব মানুষের জন্য উন্মুক্ত হল তৈরি করব। পার্ক, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব কিছুই করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংসদ সদস্যসহ সবার সমন্বয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করব। যুব সমাজকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে মাদক থেকে সঠিক পথে নিয়ে আসব। আমরা শান্তির নগর গড়ব।' কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস বলেন, 'নাগরিক অধিকার ভোট প্রয়োগ নিশ্চিত করতে আমরা ভোটে অংশগ্রহণ করেছি। আমরা সুষ্ঠু, সুন্দর নির্বাচন চাই। আমি নির্বাচিত হলে উন্নত, সমৃদ্ধ, পরিকল্পিত নগর গড়ে তুলব। জলাবদ্ধতা নিরসন, শীতলক্ষ্যা নদী দূষণমুক্ত করতে কাজ করব। মাদকমুক্ত যুব সমাজ গড়তে ওয়ার্ডে ওয়ার্ডে পাঠাগার করব।'