পাকিস্তানের উত্তরাংশে ভারি তুষারপাতে গাড়ির ভেতরে আটকা পড়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। তুষারে ঢেকে যাওয়া রাস্তা পরিষ্কার এবং আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উত্তরে অবস্থিত একটি পাহাড়ি শহর মুরি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তুষারপাতের কারণে সেখানে অনেক পর্যটক আটকা পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, তুষারঝড়ের সময় হাজারখানেক গাড়ি হাইওয়েতে আটকে পড়ে। পুলিশের তথ্যমতে, সম্প্রতি এক লাখেরও বেশি গাড়ি অস্বাভাবিক ভারি তুষারপাত দেখতে মুরিতে প্রবেশ করেছে। ফলে শহরটিতে ঢুকতে ও বের হতে গেলেই পোহাতে হয়েছে দীর্ঘ যানজট। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অফিস মুরিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। অন্যদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। গত ১৫-২০ বছরে এই প্রথম এত বেশি পর্যটক ভিড় করেছে মুরিতে। তাতেই এত বড় সংকট তৈরি হয়েছে বলে এক ভিডিওবার্তায় জানান শেখ রাশিদ। পর্যটকদের এমন ‘মর্মান্তিক মৃত্যুতে’ শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটবার্তায় তিনি বলেন, তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এ ধরনের ট্র্যাজেটি প্রতিরোধ করতে কিছু শক্তিশালী আইন প্রণয়ন করা হবে।