উত্তর কোরিয়ায় চলছে চরম খাদ্যসংকট, আপাতত অস্ত্রভাণ্ডার ভরপুর করার দিকে চিন্তা না করে খাদ্য উৎপাদনে জোর দিয়েছিলেন দেশটির সর্বোচ্চা নেতা কিম জং উন। কিন্তু নতুন বছর শুরু হতেই আবারও যুদ্ধাস্ত্রে শান দেওয়া শুরু করল উত্তর কোরিয়া। ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নেমেছেন কিম জং উন। বুধবার (০৫ জানুয়ারী) সমুদ্রে একটি প্রোজেক্টাইল নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। খবরটি নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার উপকূলরক্ষী বাহিনী। জাপানের ধারণা, এটি একটি ব্যালিস্টিক মিসাইল। যদিও এ বিষয়ে তারা নিশ্চিত নয়। প্রসঙ্গত, কোনওরকম ব্যালিস্টিক বা পরমাণু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল জাতিসংঘ। তা উপেক্ষা করেই প্রোজেক্টাইল ছুঁড়ল কিমের দেশ। পিয়ংইয়ংয়ের তরফে মিসাইল উৎক্ষেপণের ঘটনা সবার আগে নজরে আসে জাপান উপকূলরক্ষী বাহিনীর। এরপর দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়।