ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত, মজলুম গণ-মানুষের পক্ষে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোন দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না। যেখানে যতটুকু ওলামাদের নেতৃত্ব আছে সেখানে ততটুকু মানুষ শান্তিতে আছে। কাজেই ওলামাদের নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশ ও জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে। এ মুহুর্তে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় কুমিল্লা শহরের কারীমিয়া মাদরাসা ময়দানে ‘জাতীয় উলামা মাশায়েখ-আইম্মা পরিষদ’ কুমিল্লা জেলা উত্তর আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতী রেজাউল করীম বলেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মূখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। ফলে দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। সংগঠনের কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আতহার নোমানীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এতে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব, সেক্রেটারী মাওলানা নূর হোসাইন, কাসেমুল উলূম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুস, বদরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাকিম, চান্দিনা আল আমিন মাদরাসার মুহাদ্দিস আলী আশরাফ কুটুমপুরী প্রমুখ।