হ্যাক হওয়ার পর জেরুজালেম পোস্টের ওয়েবসাইটে এই ইলাস্ট্রেশন ভেসে উঠে। ছবি: রয়টার্স ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট জানিয়েছে যে, তাদের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে। সোমবার রয়টার্স জানায়, ঘটনাটিকে ইসরায়েলের জন্য আপাত হুমকি বলে মনে করছে জেরুজালেম পোস্ট কর্তৃপক্ষ। এই হ্যাকের বিষয়টি তখনই ধরা পড়ে, যখন জেরুজালেম পোস্টের প্রধান সংবাদ পৃষ্ঠা প্রদর্শনের পরিবর্তে ইরানের শীর্ষস্থানীয় জেনারেল কাশেম সোলাইমানিকে স্মরণ করতে দেখা গেছে, যিনি ২০২০ সালের আজকের দিনে ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। হ্যাক হওয়ার পর জেরুজালেম পোস্টের ওয়েবসাইটে একটি ইলাস্ট্রেশন ভেসে উঠে, যেখানে দেখা যায় একজনের মুষ্টিবদ্ধ হাতের আঙুলে পরে থাকা লাল আংটি থেকে একটি বুলেট আকৃতির বস্তু বেরিয়ে যাচ্ছে। এটা স্পষ্ট যে জেনারেল কাশেম সোলাইমানি এমন একটি স্বতন্ত্র আংটি পরে থাকতেন। এই সমস্যা ধরা পড়ার পরপরই এটি সমাধানে কাজ চলছিল বলে প্রাথমিকভাবে টুইটে জানিয়েছিল জেরুজালেম পোস্ট কর্তৃপক্ষ। 'এটি ইসরায়েলের প্রতি সরাসরি হুমকি' উল্লেখ করে ওয়েবসাইট হ্যাকের বিষয়ে তারা যথেষ্ট সচেতন আছে বলেও জানায়। তবে দুপুর ১২টার দিকে জেরুজালেম পোস্টের ওয়েবসাইট স্বাভাবিক থাকতে দেখা যায়। সেখানে কোনো ইলাস্ট্রেশন ভেসে উঠতে দেখা যায়নি। রয়টার্স আরও জানায়, ওয়েবসাইট হ্যাক হলেও জেরুজালেম পোস্টের মোবাইল অ্যাপে কোনো সমস্যা দেখা যায়নি এবং ইসরায়েলের আর কোনো সংবাদমাধ্যমের ওয়েবসাইট হ্যাকের কবলে পড়েনি।