ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে মাতা বৈষ্ণোদেবী মন্দির প্রাঙ্গণে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোয় প্রতিবেদন অনুযায়ী, মাতা বৈষ্ণোদেবী মন্দির নতুন বছরের শুরুতে পূজা দিতে গিয়েছিলেন বহু মানুষ। ভিড় বাড়তে থাকলে হুড়োহুড়ি শুরু হয়। এ থেকেই দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া বলছে, শীতের রাতে মানুষ দ্রুত পূজা সারতে চাচ্ছিলেন। বিকেল থেকেই মন্দিরে লোকজনের আনাগোনা শুরু হয়। সন্ধ্যা থেকে ভিড় বাড়তে শুরু করে। রাতের দিকে ভিড় বেড়ে হুড়োহুড়ি লেগে যায়। লোকজন পূজা দিয়ে ফেরার পথে পদদলনের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। ত্রিকূট পাহাড়ের ওপর নির্মিত মাতা বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষের দাবি, অনুমতিপত্র না নিয়েই বিপুলসংখ্যক পুণ্যার্থী বৈষ্ণোদেবী ভবনে প্রবেশ করেছিলেন। যে কারণে হতাহতের ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) মুকেশ সিং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা গুরুতর বলেও তিনি জানান। জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে ২ লাখ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট পোস্টে হতাহতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, কাশ্মিরের ঘটনায় আমি ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।