শিক্ষা উপমন্ত্রী নওফেল হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হককে ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়ে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তাদের কীভাবে শায়েস্তা করতে হবে, তা জানা আছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। সম্প্রতি করোনার সংক্রমণ ঠেকাতে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। তা উপেক্ষা করে কওমি মাদরাসাগুলো চালু রাখা এবং পরীক্ষা আয়োজনের অভিযোগ উঠেছে। এ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের প্রচলিত কাঠামো, শিক্ষাব্যবস্থা, প্রশাসন ও আইনের অধীনে না এলে মামুনুল হকদের শায়েস্তা করা হবে। ফেসবুক পোস্টে আওয়ামী লীগ নেতা নওফেল বলেন, খেলাফত মজলিশের এক নেতা ‘কুলাঙ্গার’ মামুনুল হকের পক্ষে সাফাই গেয়েছেন। যাতে বোঝা যায়, ইসলাম ধর্ম তাদের বেঁচে থাকার একটি মাধ্যম। ধর্ম ব্যবসায়ীদের স্বাধীনতাযুদ্ধে জনগণ প্রত্যাখ্যান করেছে, সেটা তাদের মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগসহ প্রগতিশীলদের সঙ্গে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্যকে অপমান করার পর থেকে মামুনুলদের স্পর্ধা বেড়ে গেছে। এখন ১৭টি লাশের ওপরে তাদের ‘রিফ্রেশমেন্ট’ চলছে। এতিম শিশুদের রাখায় এরা অনেকের সহানুভূতি পায় মন্তব্য করে মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আগুন দেয়া এবং পিতার ছবিতে হাত দেয়াদের একটা একটা করে ধরা হবে। তাদের আইনের মুখোমুখি করা হবে। সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিকসহ সকল পর্যায়ে ‘কাঠমোল্লা’দের প্রতিহত করা আহ্বান জানিয়ে তিনি বলেন, বানের জলে ভেসে আসেনি আওয়ামী লীগ। তারা গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে করবে। ‘আগুন সন্ত্রাস’ করে বিএনপি-জামায়াত ছাড় পায় নাই উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ধর্ম ব্যবসায়ীরাও এখন ছাড় পাবে না, ইনশাল্লাহ। ধর্ম ব্যবসার মাধ্যমে জ্বালাও-পোড়াও করার পরিণতি তাদের বোঝাতে হবে। উল্লেখ্য, চট্টগ্রামের জনপ্রিয় মেয়র মরহুম মহিউদ্দিন এর সন্তান হিসেবে বর্তমান সরকারের শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব দেয়া হয় এই নেতাকে। চট্টগ্রামে অনেক ত্যাগি সিনিয়র নেতা থাকার পরও তাকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এই পদে আশিন করা হয়। ধর্মীয় জ্ঞান বিষয়ে অভিজ্ঞতা না থাকলেও যে ভাবে ওলামায়েকেরামকে কটাক্ষ করেন তা একজন পদস্ত দায়িত্বশীল হিসেবে বেমানান শুধু নয় বরং উস্কানি মূলক। প্রশাসনেও আলেমকে পছন্দ করেন এমন লোক রয়েছে। সর্বত্র তা নিয়ে সৃষ্টি হচ্ছে অসন্তুষ যা হিতে বিপরিত হতে পারে সরকারের জন্য।