এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা হয়েছে। রোববার (৪ এপ্রিল) চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে মোহাম্মদ আবদুল আলীম চৌধুরীর পক্ষে মামলা করেন শোয়েব রশিদ। মামলার অন্য আসামিরা হলেন- রাজধানীর বনানী এলাকার মো. জাহাঙ্গীর আলম (৪৫), উত্তরা এলাকার মো. সিদ্দিকুর রহমান (৫২), তেজগাঁও এলাকার উজ্জ্বল কুমার নন্দী (৪১) ও পিরোজপুরের কৃষ্ণনগর এলাকার রতন কুমার বিশ্বাস (৫৪)। বিষয়টি নিশ্চিত করে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল সরকার বলেন, টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে পি কে হালদারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া পরবর্তী তারিখ আগামী ২৬ জুন নির্ধারণ করেছেন।