ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর এক দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকা আসছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৫ অথবা ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সূচি চূড়ান্ত করাই এস জয়শংকরের আজকের সফরের মূল আলোচ্যসূচি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সফর সম্পর্কে দেওয়া তথ্যে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন।