অক্সফোর্ডের কভিড টিকা নেওয়ার পরও রাজধানী ঢাকার এক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সাজ্জাদ হোসেন নামের ওই স্বাস্থ্যকর্মী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার হিসেবে কর্মরত। গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান শুরুর পরদিন তিনি টিকা নেন। এর ১৬ দিনের মাথায় মঙ্গলবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সাজ্জাদ বলেন, টিকা নেওয়ার স্থানে প্রথমে ব্যথা এবং পরে জ্বর অনুভব করেন। টানা দু'দিন জ্বর ছিল। তবে প্যারাসিটামল ওষুধ সেবনে তা সেরে যায়। পরে হাসপাতালে কাজে ফেরেন। তিন দিন আগে তিনি আবারও জ্বরজ্বর অনুভব করেন। তাই সোমবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার ওই নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। টিকা নেওয়ার পরও সাজ্জাদের করোনায় আক্রান্ত হওয়ার খবরে মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। মিটফোর্ড হাসপাতালের কয়েকজন স্বাস্থ্যকর্মীর সঙ্গে আলাপ করে জানা যায়, করোনার প্রতিষেধক টিকা নেওয়ার পর তারা অনেকটাই স্বস্তিতে ছিলেন। সবাই মনে করেছিলেন, টিকা নেওয়ার পর করোনামুক্ত স্বাভাবিক জীবনে ফিরেছেন। এ কারণে টিকা নেওয়ার পর থেকে তারা আগের মতো স্বাস্থ্যবিধি মানছিলেন না। অনেকে মাস্কও সঠিকভাবে ব্যবহার করেননি। সাজ্জাদের আক্রান্ত হওয়ার ঘটনায় সবার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এখন তারা মনে করছেন, টিকা নিলেও তাদের আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে।