মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী রাজধানী ঢাকার জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসায় সব ধরণের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লালবাগ মাদরাসায় ছাত্র-উস্তাদদের মাঝে অভ্যান্তরীণ কিছু অস্থিরতাকে কেন্দ্র করে গত রোববার ১৪ ফেব্রুয়ারি মজলিসে শূরার বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে বলে গণ মাধ্যমকে জানিয়েছেন লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমদ। তিনি সাংবাদিকদের বলেছেন, গত রোববার (১৪ ফেব্রুয়ারি) মাদরাসার উদ্ভূত পরিস্থিতির তৈরি হয়। এরপর মজলিসে শূরার জরুরি বৈঠক আহবান করা হয়। এ বৈঠকে সর্বসম্মতিক্রমে লালবাগ মাদরাসায় সবধরণের রাজনীতি নিষিদ্ধসহ আরো একটি সিদ্ধান্ত নেওয়া হয়। অঅপর সিদ্ধান্তটি হলো, মাদরাসায় পূর্ব থেকেই যারা ইসলামী ঐক্যজোটের রাজনীতির সাথে জড়িত তাদের জন্য চলতি বছরের আরবি শাওয়াল মাসের ১ তারিখ পর্যন্ত ইখতিয়ার দেওয়া হয়েছে। চাইলে তিনি রাজনীতি করতে পারবেন। যদি রাজনীতি করেন তাহলে মাদরাসা থেকে অব্যাহতি নিতে হবে। আর যদি চান তাহলে মাদরাসায় থাকতে পারবেন। তবে এর জন্য তাকে রাজনীতি থেকে অব্যাহতি নিতে হবে। তিনি জানান, এ আল্টিমেটাম শুধু মুফতি ফয়জুল্লাহকে দেওয়া হয়নি। বরং যারাই রাজনীতির সাথে জড়িত তাদের প্রত্যেককে এ আল্টিমেটাম দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি কিছু অভ্যান্তরীণ বিষয়কে কেন্দ্র করে লালবাগ মাদরাসায় ছাত্র-উস্তাদদের মাঝে চরম অস্থিরতা বিরাজ করছে। এছাড়া দীর্ঘদিন যাবত মাদরাসার একজন সিনিয়র শিক্ষকের সাথে অন্যান্য শিক্ষকদের বনিবনা হচ্ছিল না। তাই কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।