কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে কৃষিতে এনে দিয়েছিলেন নতুন দিগন্ত। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি। তবে বিএনপি জোটের শাসনামলে সেটির ধারাবাহিকতা রক্ষা হয়নি, বরং কৃষিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়। রোববার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ৩৮তম বিসিএস (কৃষি) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃষিতে সব চ্যালেঞ্জিং পেশা। নতুন নতুন সমস্যা আসবে। সেসব সমস্যা মোকাবিলা করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিজ্ঞানের নতুন নতুন আবিস্কার ও উদ্ভাবিত প্রযুক্তিগুলো কৃষিতে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। যারা আগ্রহ নিয়ে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিকূল পরিবেশে কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রীর প্রজ্ঞা, দূরদর্শিতা, কৃষির প্রতি পরম দরদের কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে মন্তব্য করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আসাদুলল্গাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেসবাহুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ কাজী আবদুল মান্নান।