নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগে আটক মুফতি ইউনূস আহমদ আনসারী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই বক্তা আলেমের কারাগার থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক সূত্র। এর আগে গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে মাহফিলে ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ার অভিযোগ এনে মুফতি ইউনূস আহমদ আনসারীসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামের সিদ্দিকিয়া নূরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে এই উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। আটককৃতরা হলেন, কবিরহাট উপজেলার সাদুল্ল্যাপুর গ্রামের আমিন উল্যার ছেলে মাওলানা ইউনুস (৩৭) এবং বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবুল বাশারের ছেলে ইমরান হোসেন রাজু (২২) । কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বলেন, ‘ওয়াজ মাহফিলে ‘উসকানিমূলক বক্তব্য’ দেওয়ায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা নিজে বক্তাসহ দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।’